logo

শুধু সীমান্ত নয়, ভোটের মাঠেও নজরদারি বাড়িয়েছে বিজিবি

শুধু সীমান্ত নয়, ভোটের মাঠেও নজরদারি বাড়িয়েছে বিজিবি

শুধু সীমান্তেই নয়, ভোটের মাঠেও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সীমান্ত সুরক্ষা ও নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁপাইনবাবগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) থেকে মাঠপর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, নির্বাচনকালীন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা বিজিবির প্রধান লক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিজিবির দুটি ব্যাটালিয়ন সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। এর মধ্যে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৩ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। 

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওতাধীন ভোলাহাটে ৪ প্লাটুন, নাচোলে ২ প্লাটুন এবং গোমস্তাপুরে ২ প্লাটুনসহ মোট ১১ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। 

অন্যদিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১ প্লাটুন রিজার্ভ ফোর্সসহ মোট ৪ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। শুধু চাঁপাইনবাবগঞ্জেই নয়, পার্শ্ববর্তী নাটোর জেলার ৭টি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আরও ১৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ বিওপিগুলোতে জনবল বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। টহলরত বিজিবি সদস্যদের শরীরে লাগানো হয়েছে বডি-ওর্ন ক্যামেরা, যা মাঠপর্যায়ের প্রতিটি কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে সহায়তা করবে। 

তিনি বলেন, নিরাপত্তার এই কঠোর নজরদারি কেবল সীমান্তেই সীমাবদ্ধ নয়, বরং জেলা শহর থেকে শুরু করে আঞ্চলিক সড়কগুলোতেও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। জেলা সদর ও বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ১৯টি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

কাজী মুস্তাফিজুর রহমান আরও জানান, সীমান্ত পথ দিয়ে কোনো ধরনের অবৈধ অস্ত্র, মাদক কিংবা বিস্ফোরক পাচার করে নির্বাচনি পরিবেশ কেউ বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে।