logo
Advertisement

‘আন্ডারচর’ নাম শুনলেই বিয়েতে অনীহা, অপরাধ রুখতে পুলিশ ক্যাম্প

এশিয়া পোস্ট নিউজ,নোয়াখালী
‘আন্ডারচর’ নাম শুনলেই বিয়েতে অনীহা, অপরাধ রুখতে পুলিশ ক্যাম্প
আন্ডারচরে পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের দীর্ঘদিনের নেতিবাচক ভাবমূর্তি কাটাতে এবং অপরাধ নিয়ন্ত্রণে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। কিশোর গ্যাং, মাদক ও অপরাধীদের দাপটে একসময় অন্য এলাকার বাসিন্দারা এই ইউনিয়নের লোকজনের সঙ্গে আত্মীয়তা করতে অনাগ্রহ দেখাতেন।

Advertisement

রোববার (৩০ আগস্ট) বিকেলে আন্ডারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন অস্থায়ী এই পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, গত কয়েক বছরে আন্ডারচর ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদকের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। ফলে সন্ধ্যার পর সাধারণ মানুষের যাতায়াত কষ্টকর হয়ে পড়ে এবং পুরো এলাকায় চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়। এমন নেতিবাচক পরিস্থিতির কারণে অন্য এলাকার পরিবারগুলো আন্ডারচরের ছেলে বা মেয়েদের সঙ্গে বিয়ে দিতে আগ্রহ হারায়। সম্প্রতি এক যুবকের বিয়ের পর তার বাড়ি আন্ডারচরে জানতে পেরে কনেপক্ষ বিয়ে বিচ্ছেদ ঘটায় বলেও স্থানীয়রা জানান। দীর্ঘদিন পর পুলিশ ক্যাম্প চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, আন্ডারচর ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতে এই পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যাম্পটি সুধারাম মডেল থানার অধীনে পরিচালিত হবে। এ ছাড়া আন্ডারচরে একটি স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।