logo
Advertisement

চট্টগ্রামে পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গে পালালেন সন্ত্রাসী ‘বগা’

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
চট্টগ্রামে পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গে পালালেন সন্ত্রাসী ‘বগা’
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান (ইনসেটে অভিযুক্ত)। ছবি : ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তার নিরাপত্তাকর্মীসহ অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সুযোগে পরিবারের সহায়তা এবং বাসার গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে পালিয়ে যান বগা।

পুলিশ সূত্রে জানা যায়, খুলশী ওয়্যারলেস কলোনির বাসিন্দা ওয়াকিল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সম্প্রতি পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতন এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে মারধরের ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনা হয়। এই মামলার দুই নম্বর আসামি ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে অভিযানে নামে পুলিশ।

পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওয়াকিল হোসেনের অনুসারীরা সড়কে ব্যারিকেড তৈরি করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও বিস্ফোরক নিক্ষেপ করে। এতে খুলশী থানার ওসির ব্যবহৃত সরকারি গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। হামলায় ওসির হাতসহ পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে একাধিক পুলিশ দল ওয়্যারলেস মোড় ও ওয়াকিলের বাসভবনে সাঁড়াশি অভিযান চালায়। অনুসন্ধানে তার বাসার ভেতরে একটি গোপন সুড়ঙ্গ ও পালানোর পথের সন্ধান পাওয়া যায়। অভিযানের আগেই সুড়ঙ্গপথ ও স্বজনদের সহায়তায় স্থান ত্যাগ করেন আসামি। তবে অভিযান চলাকালে আসামি মোবাইল ফোনে ও ভিডিও কলে পুলিশকে বিভিন্ন হুমকি দেন বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, শিক্ষক নির্যাতনের ঘটনায় নিয়মিত মামলা ছাড়াও আসামির বিরুদ্ধে অস্ত্র মামলার পরোয়ানা ছিল। সেই ভিত্তিতে অভিযানে গেলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।