logo

স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না : সাদিক কায়েম

স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না : সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না, এই দেশে ফ্যাসিস্ট চলবে না। জুলাইকে যারা ধারণ করবে তাদেরকে গ্রহণ করতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রংপুরের শহীদ আবু সাঈদ চত্বরে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, গত বছর যারা মজলুম ছিল তারা সেই ফ্যাসিস্ট আচরণ করছে। তাদেরকে পরিহার করতে হবে। ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিলেই ফ্যাসিস্টকে প্রতিহত করা হবে। সেজন্য ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ ভোট দিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। গণভোটে ‘হা’ বিজয়ী হলে এই দেশ থেকে নব্য ফ্যাসিস্ট দূর হবে, ইনসাফের বাংলাদেশ হবে। 

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের যে নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করার কথা। সেই কথাগুলো রাজনৈতিক দলগুলো ভুলে যাচ্ছে। সুতরাং আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে যারা আবু সাঈদের রক্তের সঙ্গে প্রতারণা করবে, যারা আব্দুল্লাহ তাহিরের রক্তের সঙ্গে প্রতারণা করবে, তাদেরকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব না। আজকে শহীদ আবু সাঈদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য, শরীফ ওসমান হাদির আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে।

ডাকসু ভিপি বলেন, জুলাই বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং প্রধান কমিশনার নিয়োগ পেয়েছেন। অথচ তারা এখন বলছেন, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। আমরা বলতে চাই, এই ধরনের ‘সুশীল গিরি’ স্বাধীন বাংলাদেশে চলবে না। নির্বাচন কমিশনকে বলব, আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন। দেশের সকল নাগরিক ও সংশ্লিষ্টদের এই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে একে বিপুল ভোটে জয়ী করতে হবে।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সুমন সরকারের সভাপতিত্বে গণজমায়েতে বক্তব্য রাখেন জকসু নেতা ফেরদৌস আর হাসান, চকসুর জিএস সাইফ বিন হাবীব, রাজশাহীর ভিপি মোসতাকুর রহমান জাহিদ, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াতের সেক্রেটারি রায়হান সিরাজী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদাসহ অন্যরা।