logo

ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইকের জন্য নতুন নীতিমালা

ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইকের জন্য নতুন নীতিমালা
রাজধানীর একটি সড়কে চলছে ব্যাটারিচালিত রিকশা। ছবি: প্রথম আলো

ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়ন ও নিবন্ধন কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১ নভেম্বর) ঢাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এলজিআরডি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : ভিডিও থেকে নেওয়া
এলজিআরডি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : ভিডিও থেকে নেওয়া

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন নীতিমালার আওতায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের চলাচল, নিবন্ধন এবং ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।

এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। এ উদ্যোগের ফলে অবৈধ সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা কমবে, যানজট নিরসনে সহায়তা মিলবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।