logo

সক্ষমতা ২৩০, উৎপাদন হচ্ছে ৭০ মেগাওয়াট

সক্ষমতা ২৩০, উৎপাদন হচ্ছে ৭০ মেগাওয়াট

রাঙমাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে তিনটিতে উৎপাদন বন্ধ রয়েছে। দুই ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৭০ মেগাওয়াট। যদিও বিদ্যুৎকেন্দ্রটির সক্ষমতা ২৩০ মেগাওয়াট।

শুক্রবার (১৭ এপ্রিল) ১নং ইউনিট থেকে ৩০ এবং ৫নং ইউনিট থেকে ৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, কাপ্তাই হ্রদে পানি কমে আসায় বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছে। সব ইউনিট চালু রাখার সক্ষমতা থাকলেও পানির ঘাটতির কারণে তিনটি বন্ধ রাখতে হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, অনাবৃষ্টি ও তীব্র তাপদাহের কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমে যাওয়ায় কমেছে বিদ্যুৎ উৎপাদন। এভাবে কয়েক দিন বৃষ্টি না হলে আরও একটি ইউনিট বন্ধ করে দিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর থাকার কথা ৮৫.৮০ এমএসএল লেভেল (এমএসএল)। কিন্তু তা নেমে এসেছে ৭৯ এমএসএলে। ফলে পানির স্বল্পতায় উৎপাদন ব্যাহত হচ্ছে। পানির স্তর ৬৮ এমএসএলে নেমে গেলে তা বিপজ্জনক ধরা হয়। সে অবস্থায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।