টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানি বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানি বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী
পানিতে থৈ থৈ সেন্টমার্টিন ইউনিয়ন কমপ্লেক্স ভবনের চারপাশ। ছবি: এশিয়া পোস্ট

টানা ভারী বৃষ্টি ও উত্তাল বঙ্গোপসাগরের প্রভাবে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। এতে দ্বীপের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বড়ো বড়ো ঢেউ উপকূলে আছড়ে পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ থাকায় দ্বীপে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট।

মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত টানা তিন দিন ধরে কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত দমকা হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর।

সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দারা জানান, জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দ্বীপের নিচু এলাকার অনেক বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ মানুষ ঘরেই অবস্থান করছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।

সেন্টমার্টিনের বাসিন্দা আবু তালেব বলেন, কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও উত্তাল সাগরের কারণে বঙ্গোপসাগরের পানির উচ্চতা আগের তুলনায় আনুমানিক চার থেকে পাঁচ ফুট বৃদ্ধি পেয়েছে। বড়ো বড়ো ঢেউ একের পর এক আছড়ে পড়ছে দ্বীপের চারপাশে।

তিনি জানান, দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দ্বীপবাসীর দুর্ভোগ আরও বাড়বে। উত্তাল সাগরের কারণে জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ এশিয়া পোস্টকে বলেন, গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। সতর্কসংকেত প্রত্যাহার করা হলে পুনরায় ট্রলার চলাচল শুরু হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, জোয়ারের পানি ও ভারী বৃষ্টিতে দ্বীপের অনেক বাড়িঘর প্লাবিত হয়েছে। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, টানা ভারী বৃষ্টির কারণে সেন্টমার্টিনে বঙ্গোপসাগরের পানির উচ্চতা বেড়েছে। এ কারণে বন্ধ রয়েছে ট্রলার চলাচল। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয় :টেকনাফ