জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তার আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। অভিযুক্তের বিষয়ে তথ্য দিয়ে বা তাকে ধরিয়ে দিতে সহায়তা করলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযুক্ত যুবকের ছবিসংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়।
এসআরবি-৫-এর সিপিসি-২ সূত্র জানায়, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের চেহারা শনাক্ত করার পর শনিবার রাতে নাটোর ও আব্দুলপুর রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় এসব পোস্টার লাগানো হয়। তাকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।
নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে থানা পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করছেন। গোয়েন্দা তৎপরতাসহ বিভিন্নভাবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্তের বাড়ি অন্য এলাকায় হওয়ায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে।
জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলে। পরে কিরিল ল্যান্ডার ওই যুবকের কাছে নিজের ব্যাগ রেখে টিকিট কাটতে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে আর দেখতে পাননি। চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ছিল বলে জানা গেছে।
