logo

সিলেটে হামের আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২১

সিলেটে হামের আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২১
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফ আহমেদ (৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার এলাকার হাফিজ আলীর ছেলে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ২১০ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।

মৃতদের মধ্যে সর্বোচ্চ ৮৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১১৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, হবিগঞ্জে ২২০ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২১ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫১৬ জন রোগী। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ নজরদারি বাড়ালেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।