কুমিল্লা-ফরিদপুরের সঙ্গে বগুড়া বিভাগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি পেলে কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের প্রক্রিয়ার সঙ্গে বগুড়াকেও বিভাগ করার উদ্যোগ এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
শনিবার (১ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বিভাগ নিয়ে এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়নি। পুরোনো দুটি প্রস্তাবিত বিভাগ—কুমিল্লা ও ফরিদপুর অনেক দূর এগিয়ে আছে। প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলে সম্মতি দিলে কুমিল্লা ও ফরিদপুরের সঙ্গেই বগুড়ার বিভাগীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ ও পরিচর্যার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে পাঁচ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা থাকলেও ইতিমধ্যে প্রায় ৬ কোটি ৮০ লাখ গাছ রোপণ সম্পন্ন হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে বৃক্ষমেলা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিবগঞ্জ জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)






