logo

টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় ৩ মামলায় আসামি ৯৫

টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় ৩ মামলায় আসামি ৯৫
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখ। ছবি : আইএসপিআর

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ের মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় সেনা সদস্য তিতাস শেখ নিহতের ঘটনায় চার দিন পর তিনটি মামলা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে করা মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া মানবপাচার ও অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। সব মিলিয়ে তিন মামলায় ৯৫ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

ওসি সাইফুল ইসলাম জানান, সেনা সদস্য তিতাস শেখ হত্যার ঘটনায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। এতে মোহাম্মদ নামের এক রোহিঙ্গাকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৭ জনকে। মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওসি আরও জানান, ঘটনার দিন যৌথবাহিনীর অভিযানের সময় পালানোর চেষ্টার সময় প্রধান আসামি মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। মামলার অধিকাংশ আসামি রোহিঙ্গা হলেও এর সঙ্গে কয়েকজন বাংলাদেশি নাগরিকও জড়িত রয়েছেন। এজাহারভুক্ত ছয়জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার বাদী হয়ে মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছেন। মানবপাচার মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে এবং অস্ত্র মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৭ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, গত ৫ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথবাহিনীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সশস্ত্র মানবপাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর সদস্যদের গোলাগুলি হয়। এতে সেনা সদস্য মো. তিতাস শেখ (২৭) গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টার সময় মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। ওই আস্তানায় জিম্মি থাকা ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করেন যৌথবাহিনীর সদস্যরা। পরদিন বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ছাড়া রোববার (৮ নভেম্বর) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে দুটি ফাইভ স্টার পিস্তল, চারটি গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।