পুলিশকে পিটিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই, দুই ভাই গ্রেপ্তার

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুঠিমারি বাজার এলাকায় পুলিশের ওপর হামলা করে হাতকড়া পরা আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।
তথ্যপ্রযুক্তির সহায়তায় রোবাবর (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এসকেন শেখ ও নয়ন শেখ উপজেলার পুঠিমারি গ্রামের বাবলু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নড়াগাতী থানার পুঠিমারি বাজার এলাকায় একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেন নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও এসআই হাসান। পরে তাকে হাতকড়া পরিয়ে পুঠিমারি বাজারের দিকে নিয়ে যাওয়ার সময় এসকেনের বাবা, ভাইসহ কয়েকজন স্বজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় এসকেন শেখকে ছিনিয়ে নিয়ে যান। এতে এসআই মুরাদ হোসেন আহত হন। হামলাকারীরা পুলিশের একটি মোটরসাইকেলও ভাঙচুর করেন।
খবর পেয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী অতিরিক্ত পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন পুলিশ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। পরে মামলার এজাহারভুক্ত ছয় আসামিকে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি এসকেন শেখ এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী এশিয়া পোস্টকে বলেন, ‘এর আগে মামলার এজাহারভুক্ত ছয়জনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। গত রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬-এর সহায়তায় প্রধান আসামি এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’