logo

মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষে আহত ১২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষে আহত ১২
দুই পক্ষের সংঘর্ষ। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় গরুর হাটের ইজারা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে তিনজনসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন ও বালুচর ব্রিজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুপক্ষের বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষে শাকিল সরকার, আসফাক সরকার ও হৃদয় সরকার টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও অন্তত ৭-৯ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।