মসজিদে মিলল মুয়াজ্জিনের লাশ

পটুয়াখালীর দুমকি উপজেলার ‘বায়তুল মামুর জামে মসজিদ’-এর একটি কক্ষ থেকে মো. সায়েম (২০) নামের এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে দুমকি উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির ওই মসজিদের নিজস্ব কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুয়াজ্জিন সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের মৃত আব্দুল জব্বার মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজের সময় ইউসুফ হাওলাদার নামের এক মুসল্লি মুয়াজ্জিন সায়েমকে দেখতে না পেয়ে তার কক্ষে খোঁজ নিতে যান। সেখানে সায়েমকে অচেতন ও রহস্যজনক অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসেন। খবর পেয়ে এসে দেখা যায়, ঘরের সিলিং ফ্যানের হুকে একটি প্লাস্টিকের রশি ঝুলছে এবং তার গলায় ফাঁসের স্পষ্ট চিহ্ন রয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


