যুবককে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় ঝোপে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সেতুর নিচের ঝোপ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুর নিচে ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবককে কিছুদিন ধরে উচাখিলা বাজার ও আশপাশের এলাকায় ঘুরতে দেখা গেছে। কখনও নদী থেকে মাছ ধরতে এবং কখনও নদী থেকে শাক তুলে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যেতে দেখা গেছে। মানসিক ভারসাম্যহীন ভেবে এলাকার মানুষ তার সঙ্গে রসিকতা করতেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম বলেন, যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝোপে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছি।
তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।





