ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন পুলিশ কর্মকর্তা

গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত মো. হাবিব (৪০) গাজীপুর জেলা পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী চাপাই এক্সপ্রেস ঢুকছিল। এমন সময় ওই পুলিশ কর্মকর্তা মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এমন সময় ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে তার ডান হাত ও ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা অটোরিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলি বলেন, তিনি অফিসের কাজে সকালে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। কাজ শেষে পুলিশ লাইনে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেনের নিচে পড়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুর শহরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।