নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নোয়াখালীর নয় থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় চালানো বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ২২৯টি ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
পুলিশ জানায়, নয়টি থানায় আয়োজিত কর্মসূচিতে জনপ্রতিনিধি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সচেতনতামূলক এ কর্মসূচির পাশাপাশি দিনব্যাপী জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। মোট ২১টি অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, হাতিয়া থানায় ২০ গ্রাম গাঁজাসহ ২ জন, বেগমগঞ্জ মডেল থানায় ২২২টি ইয়াবাসহ ৩ জন, চরজব্বর থানায় ৭টি ইয়াবাসহ ১ জন এবং সোনাইমুড়ী থানা এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদকের ভিন্ন ভিন্ন মামলায় তিনজনকে যথাক্রমে চার দিন, তিন দিন এবং ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমও জোরদার করা হবে।



