মাদকে যুবসমাজ ধ্বংস হচ্ছে, বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদকের ভয়াবহ বিস্তারে দেশের যুবসমাজ বিপথে যাচ্ছে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, এ পরিস্থিতি থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার প্রসার ঘটানোর কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মানবিক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে মাদকের করাল গ্রাসে যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। আমরা চাই তরুণ সমাজ খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিকভাবে ও মানসিকভাবে গড়ে তুলুক। দল-মত নির্বিশেষে একটি মানবিক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, দেশের খেলাধুলা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। পাবনার আজকের এই মাঠে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তার সবচেয়ে বড় প্রমাণ। সরকার খেলাধুলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে কাজ করছে।
আমিনুল হক বলেন, খেলাধুলাকে শুধু বিনোদন নয়, একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ শুরু করেছে। এখনকার অভিভাবকেরা সন্তানকে কেবল চিকিৎসক, প্রকৌশলী বা ব্যারিস্টার হিসেবে দেখতে চান। আমরা চাই, ভবিষ্যতে একজন সফল ক্রীড়াবিদ হওয়ার স্বপ্নও প্রতিটি পরিবার দেখুক।
তিনি আরও যোগ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। এর মাধ্যমে সুস্থ, মননশীল, সহমর্মী ও শৃঙ্খলাবোধসম্পন্ন একটি নতুন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। আর সেই লক্ষ্য অর্জনে খেলাধুলার অন্য কোনো বিকল্প নেই।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমু, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা এবং পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাসুদ রানা প্রমুখ।
.png)





