রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মামলায় এজাহারনামীয় আসামি পাঁচজন এবং অজ্ঞাতনামা আসামি ১৪০ থেকে ১৫০ জন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন রুমিন ফারহানা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী রুমিন ফারহানাকে লক্ষ্য করে ‘ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির সৃষ্টি হ য়। এ সময় রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি শ্রদ্ধা নিবেদন না করেই কর্মী-সমর্থকদের নিরাপত্তায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তার সমর্থকরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।