logo

বরিশালে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বরিশালে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু
বরিশালের বানারীপাড়ায় সেপটিক ট্যাংকের ভেতরের বাঁশ খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরের বাঁশ খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এসএস প্রি-ক্যাডেট স্কুলসংলগ্ন ব্যবসায়ী রিয়াজ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন (৫০) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুন্নু মিয়ার ছেলে সোহাগ (৪২)।

স্থানীয় বাসিন্দা ও সৃষ্টি শিক্ষা একাডেমির শিক্ষক জাকির হোসেন বলেন, ভবনটির নির্মাণকাজ চলছিল। দুপুর ১২টার দিকে দুই শ্রমিক সেপটিক ট্যাংকের ভেতরের বাঁশ খুলতে যান। এ সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা ট্যাংকের ভেতরে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর তাদের উদ্ধার করেন। পরে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, দুপুর পৌনে ১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস থাকায় প্রথমে সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি। পরে অক্সিজেনের সহায়তায় গ্যাস অপসারণ করে স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই শ্রমিককে উদ্ধার করা হয়। তাদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের কাজ করার সময় দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা লুৎফুর আজিজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।