ষষ্ঠ শ্রেণির সোহান ফিরবে না স্কুলে, ডেঙ্গুতে গেল প্রাণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোহান খান নামে ষষ্ঠ শ্রেণির ১২ বছর বয়সি এক শিশু শিক্ষার্থী মারা গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোহান খান উপজেলার গোপালপুর দক্ষিণপাড়া গ্রামের মনিরুল ইসলাম বিটুল খানের ছেলে। সে স্থানীয় কামারগ্রাম কাঞ্চন একাডেমির ষষ্ঠ শ্রেণির ‘ক’ শাখার শিক্ষার্থী ছিল।
সোহানের বাবা মনিরুল ইসলাম বিটুল বলেন, মঙ্গলবার হঠাৎ জ্বরে আক্রান্ত হয় সোহান। প্রথমে সাধারণ জ্বর মনে হলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ওই রাতেই তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে সোহানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
সোহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।
কামারগ্রাম কাঞ্চন একাডেমির সহকারী শিক্ষক মহাসীন আলম এশিয়া পোস্টকে বলেন, সোহান মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী ছিল। নিয়মিত স্কুলে আসত এবং সবার সঙ্গে ভালো আচরণ করত। তার এভাবে অকালে চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টের।
