logo
Advertisement

অ্যানেসথেসিয়া দেওয়ার পরই গৃহবধূর মৃত্যু, অভিযোগ স্বজনদের

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
অ্যানেসথেসিয়া দেওয়ার পরই গৃহবধূর মৃত্যু, অভিযোগ স্বজনদের
ছবি: এশিয়া পোস্ট

বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় টনসিল অপারেশন করতে গিয়ে শাপলা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।

Advertisement

সোমবার (১ জুন) রাতে শহরের বাদুড়তলা প্রেসপট্টি এলাকার সারা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

শাপলা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রিয়াদপুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার বাইগুনী গ্রামের রানু মিয়ার স্ত্রী।

স্বজনরা জানান, টনসিলের সমস্যার কারণে সোমবার বিকেলে শাপলা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতালের ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে চিকিৎসকেরা তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

তবে পরিবারের অভিযোগ, তখনই শাপলা বেগমের মৃত্যু হয়েছিল। অ্যানেসথেসিয়া প্রয়োগে ভুলের কারণেই এ ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে স্থানীয় লোকজন জড়ো হন। এ সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের কাউকে সেখানে পাওয়া যায়নি বলে স্বজনরা অভিযোগ করেন।

নিহতের স্বামী রানু মিয়া বলেন, আমার স্ত্রী সুস্থ অবস্থায় হাসপাতালে গিয়েছিল। অপারেশনের আগেই তার মৃত্যু হয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের শাস্তি চাই।

তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।