logo

‘জাতিসংঘে ভুল তথ্য দিয়ে পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে’

‘জাতিসংঘে ভুল তথ্য দিয়ে পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে’

দেশের পার্বত্য অঞ্চলের পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চলেছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা। তারা জানিয়েছেন, একটি গোষ্ঠী জাতিসংঘে ভুল তথ্য উপস্থাপন করে পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তারা এসব কথা বলেন।

এর আগে খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ার থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে শেষ হয়। 

সম্প্রতি জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তব্য দেন সন্তু লারমার (পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি) নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা। তারা ভুল তথ্য ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করেছেন বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, পাহাড়ের পরিবেশ অস্থিতিশীল করতে সন্তু লারমার নেতৃত্বে তার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা জাতিসংঘে ভুল তথ্য ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করেন। তারা পাহাড়ে পাহাড়ে বাঙালি সহাবস্থান নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছেন।

তিনি দাবি করেন, পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলো শান্তিরক্ষায় নিবেদিত সেনাবাহিনীকে সরানোর জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করে যাচ্ছে।

আরও বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক নূর হোসেন, খাগড়াছড়ি যুব পরিষদের সভাপতি মো. জালাল আহমেদ, ছাত্র পরিষদের সাবেক সভাপতি সুমন আহমেদ।