logo

কুষ্টিয়ায় দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া সদর উপজেলায় দিনদুপুরে সাগর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চৌরহাঁস এলাকার কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত সাগর (২৭) চৌরহাঁস ফুড গোডাউন এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

নিহত সাগরের খালাতো ভাই তৌফিল ইসলাম বলেন, ‘ঘটনার কিছুক্ষণ আগে সকাল প্রায় ১১টার দিকে পশ্চিম চিনিকল রোড এলাকার প্রবাল, ভিকি, বিজয় আমাকে মারধর করে। মারধরের সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে, ‘তোর ভাইকে ডেকে নিয়ে আয়।’ এরপর আমি আমার ভাই সাগরকে খুঁজতে বের হই। এর কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে পড়ে থাকতে দেখেন। তখন তারা মোটরসাইকেলে করে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম এশিয়া পোস্টকে বলেন, এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় সাগর নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার এশিয়া পোস্টকে বলেন, এখনও বিস্তারিত জানা যায়নি, আমরা ঘটনাস্থলে আছি। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।