logo

রাস্তার পাশে ট্রাংকে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

রাস্তার পাশে ট্রাংকে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

শেরপুরের শ্রীবরদীতে ট্রাংক থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার তাতিহাটি ইউনিয়নের নয়াপাড়া-ঢালিবাড়ী মোড়ে রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের ট্রাংকের ভেতরে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকাল থেকেই রাস্তার পাশে একটি মালিকবিহীন ট্রাংক পড়ে ছিল। দুপুর পর্যন্ত ট্রাংকটি একই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে ট্রাংকের ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ট্রাংকের ভেতরে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে।

ধারণা করা যাচ্ছে, ২ থেকে ৩ দিন আগে তাকে হত্যা করে ট্রাংকের ভেতরে ভরে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। আনুমানিক ৩০ বছর বয়সি ওই নারীর হাত ও পা বাঁধা অবস্থায় ছিল। মরদেহটি ফুলে যাওয়ায় এখনও পরিচয় শনাক্ত করা যায়নি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরল আলম বলেন, আমরা ঘটনাস্থ‌লে র‌য়ে‌ছি। ইতোমধ্যে সিআইডি, পিবিআই টিমকে জানানো হ‌য়ে‌ছে। বিষয়‌টি তদন্ত ক‌রে মৃত‌্যু সম্প‌র্কে জানা যা‌বে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।