Advertisement

টাঙ্গাইলের লাল মাটিতে কাজু বাদাম চাষে নতুন সম্ভাবনা

এশিয়া পোস্ট নিউজ, টাঙ্গাইল
টাঙ্গাইলের লাল মাটিতে কাজু বাদাম চাষে নতুন সম্ভাবনা
ফল আসতে শুরু করেছে গাছে। ছবি: এশিয়া পোস্ট

টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি লাল মাটিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে কাজুবাদাম চাষ শুরু হয়েছে। অনুকূল পরিবেশ ও মাটির বৈশিষ্ট্যের কারণে এ চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখছেন কৃষক ও কৃষিবিদরা। ইতোমধ্যে গাছে আশানুরূপ ফুল ও ফল আসতে শুরু করায় চাষিদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

মধুপুর গড়াঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কাজুবাদাম গাছের সবুজ পাতার ফাঁকে গোলাপি রঙের ফুল ফুটে রয়েছে। সেই ফুল ধীরে ধীরে ফলে পরিণত হচ্ছে। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদেরও আকৃষ্ট করছে। একই সঙ্গে কাজুবাদামকে ঘিরে এ অঞ্চলে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃষি বিভাগ ও গবেষকদের মতে, মধুপুরের লাল ও অম্লীয় মাটি, উঁচু পাহাড়ি জমি এবং অনুকূল আবহাওয়া কাজুবাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ মাটিতে প্রচুর পরিমাণে আয়রন ও অ্যালুমিনিয়াম থাকায় গাছের বৃদ্ধি ভালো হয়। এছাড়া পাহাড়ি উঁচু জমিতে পানি জমে না, যা কাজুবাদাম চাষের অন্যতম প্রধান শর্ত।

কৃষক হানিফ জানান, কৃষি বিভাগের সহযোগিতায় চারা, সার ও বীজ পেয়ে তিনি কাজুবাদাম চাষ শুরু করেন। মাত্র দুই বছরের মধ্যে গাছে আশানুরূপ ফল এসেছে। তিনি আশা করছেন, ভবিষ্যতে এটি লাভজনক অর্থকরী ফসলে পরিণত হবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, কাজুবাদাম একটি উচ্চমূল্যের ফসল। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। টাঙ্গাইলে কাজুবাদাম চাষের জন্য উপযোগী পরিবেশ রয়েছে। একবার চারা রোপণ করলে ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ কাজুবাদাম বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে, বিশেষ করে মধুপুর ও পার্বত্য জেলাগুলোতে কাজুবাদাম চাষের সম্প্রসারণ ঘটানো গেলে আমদানিনির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশিকুর রহমান বলেন, টাঙ্গাইলের পাহাড়ি এলাকাগুলোকে কাজুবাদাম চাষের আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া মধুপুরের মাটিতে কাজুবাদাম আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মধুপুরের লাল মাটির গুণাগুণ, উঁচু জমির পানি নিষ্কাশন ব্যবস্থা এবং অনুকূল জলবায়ু কাজুবাদাম চাষের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে মধুপুরে কাজুবাদাম চাষ স্থানীয় অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

বিষয় :টাঙ্গাইল