ফরিদপুরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে নারী সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাদিয়া আফরিন (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আফরিন শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় আফরোজা নামের এক নারীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের বরাতে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর থেকে সাদিয়া আফরিন তার বাসায় একাই অবস্থান করছিলেন। এরপর সন্ধ্যার দিকে তার পরিবারের সদস্যরা তাকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে তিনি ফোন রিসিভ না করায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
পরে রাত সাড়ে ৭টার দিকে তার ভাই আশরাফ স্মরণ বাসায় এসে দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় রাত পৌনে ৮টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। ঘরে ঢুকে শোয়ার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাদিয়া আফরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়া শুরু করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সহকর্মীরা জানান, সাদিয়া আফরিন দায়িত্বশীল ও পরিশ্রমী একজন নার্স ছিলেন। হঠাৎ তার এমন মৃত্যুর ঘটনায় তারা হতবাক। পরিবারের পক্ষ থেকেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।