logo

নির্ধারিত দিনে যোগ দেননি বাগেরহাটের ১২ জন প্রাথমিক শিক্ষক

নির্ধারিত দিনে যোগ দেননি বাগেরহাটের ১২ জন প্রাথমিক শিক্ষক
বাগেরহাট শিক্ষা অফিস ভবন। ছবি: শিক্ষা অফিসের ওয়েবসাইট থেকে নেওয়া

বাগেরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১২ জন নির্ধারিত দিনে যোগদান করেননি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের যোগদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল।

শিক্ষা অফিস সূত্র জানায়, নিয়োগের জন্য গেজেটভুক্ত হওয়া ১৮১ জনের মধ্যে ১৬৯ জন নির্ধারিত দিনে যোগদান করেন। ১২ জন অনুপস্থিত ছিলেন।

অনুপস্থিত থাকা নিয়োগপ্রাপ্তদের মধ্যে একজনের সঙ্গে কথা হয়। শেখ তানজিলুর ইসলাম (জ্বীম) এই ব্যক্তির বাড়ি বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের রসুলপুর গ্রামে।

তিনি জানান, নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে তাকে বাদ দেওয়া হয়েছিল। পরে তাকে ফোন করে যোগদানের জন্য জানানো হয়। এর মধ্যে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি পাওয়ায় যোগদান করেননি।

শিক্ষা অফিস সূত্র জানায়, বাগেরহাটে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় ১৬ হাজার প্রার্থী অংশ নেন। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন ৯৩৮ জন। তাদের মধ্য থেকে ১৮৬ জনকে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন।

উপজেলাভিত্তিক নির্বাচিত প্রার্থীদের মধ্যে মোরেলগঞ্জে ৪৮ জন, শরণখোলায় ৩১, বাগেরহাট সদরে ১৯, মোংলায় ১৮, রামপালে ১৮, চিতলমারীতে ১৬, মোল্লাহাটে ১৪, ফকিরহাটে ১২ এবং কচুয়ায় ১০ জন রয়েছেন।

সূত্র জানায়, চূড়ান্তভাবে নির্বাচিত ১৮৬ জনের মধ্যে চারজন নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। ভেরিফিকেশন প্রতিবেদনের ভিত্তিতে একজনকে বাদ দেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে ১৮১ জনের নামে নিয়োগের গেজেট প্রকাশ করা হয়।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন আকতার বলেন, চূড়ান্তভাবে নির্বাচিত ১৮৬ জনের মধ্যে ১৮১ জনের নামে নিয়োগের গেজেট প্রকাশ করা হয়। তাদের মধ্যে বৃহস্পতিবার ১৬৯ জন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে যোগদান সম্পন্ন করেছেন। অন্য ১২ জন নির্ধারিত দিনে যোগদান করেননি।