logo

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
গ্রেপ্তার আবু মোকারম। ছবি : এশিয়া পোস্ট

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) দুই বছর পর নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে এসআরবি-১১ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে সোনারগাঁ থানার মেঘনা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকল (সর্দার বাড়ি) এলাকার আবু তালেবের ছেলে।

মামলার বিবরণ ও এসআরবি-১১ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে আবু মোকারমসহ অন্য আসামিরা মিলে তার বোনের চাচি শাশুড়িকে হত্যা করেন। পরে মরদেহটি বাড়ির পাশের একটি ধানক্ষেতে ফেলে রাখেন। এ ঘটনায় চট্টগ্রামের চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় আবু মোকারম ছিলেন প্রধান আসামি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ১৯ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর ২০১৩ সালের ৯ জুলাই থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে পরদিন ৬ আগস্ট সকালে কাশিমপুর কারাগারের ভেতরে বন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করেন। একপর্যায়ে তারা কারারক্ষীদের জিম্মি করেন। পরে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই দিয়ে কারাগারের উঁচু সীমানাপ্রাচীর টপকে অনেক বন্দী পালিয়ে যান। সে সময় অন্য বন্দীদের সঙ্গে আবু মোকারমও কারাগার থেকে পালিয়ে যান।

কারাগার থেকে পালানোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে গত দুই বছর ধরে বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এসআরবি-১১-এর একটি আভিযানিক দল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু মোকারমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১১।