প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ, আসামি মাসুদ গ্রেপ্তার

বগুড়ায় এক নারীকে ধর্ষণ এবং আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে ব্ল্যাকমেল করার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. মাসুদকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মাসুদকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, ৩৪ বছর বয়সি ভুক্তভোগী নারীর স্বামী চার বছর ধরে প্রবাসে থাকেন। একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সূত্রে মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মাসুদ জোরপূর্বক ওই নারীর মোবাইল ফোন কেড়ে নেন এবং তা ফেরত নিতে নিজের বাড়িতে ডাকেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে মাসুদ তাকে প্রথম জোরপূর্বক ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করেন।
পরবর্তীকালে সেই ধারণকৃত ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে ভুক্তভোগী নারীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২২ আগস্ট বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র্যাব কর্মকর্তা জানান, ঘটনার পর থেকে ১ নম্বর আসামি মাসুদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আলাদীপুর এলাকায় অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।



