শিকারির ফাঁদে আটকা পড়ে হরিণ, সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত

বাংলাদেশ সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনে কঠোর নজরদারির পরও থামানো যাচ্ছে না হরিণ শিকারিদের দৌরাত্ম্য। সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যপীরের ভারানী এলাকায় ফুড পেট্রোলিংয়ের সময় সিটকা ফাঁদে আটকে পড়া একটি হরিণকে উদ্ধার করা হয়।
পরে বন বিভাগ প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেয়। সুস্থ হওয়ার পর একে আবারও সুন্দরবনেই অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি দল সুন্দরবনে ফুড পেট্রোলিং চালায়। এ সময় লোকালয় থেকে দুই কিলোমিটার দূরে সত্যপীরের এলাকায় সিটকা ফাঁদে আটকা পড়া একটি হরিণ দেখতে পান দলের সদস্যরা।
তাৎক্ষণিক জীবিত অবস্থায় মায়াবী হরিণটিকে উদ্ধার করা হয়। পরে একে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই তা আবার সুন্দরবনেই অবমুক্ত করা হয়। অভিযানকালে ওই স্থানের আশপাশের এলাকা থেকে ১২টি সিটকা ফাঁদ উদ্ধার করে আভিযানিক দল।
এ বিষয়ে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত হরিণটিকে সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।





