বিলে পড়ে যাওয়া বল আনতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে বিলে পড়ে যাওয়া বল আনতে গিয়ে পানিতে ডুবে আরিয়ান আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান ওই গ্রামের আল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আরিয়ান অন্য শিশুদের সাথে বাড়ির পাশে বিলের পাড়ে ফুটবল নিয়ে খেলা করছিল। খেলাচ্ছলে একপর্যায়ে বলটি পানিতে পড়ে যায়। পরে বলটি কুড়াতে গিয়ে সে পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে দক্ষিণ গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
.png)
