জানালার গ্রিল কেটে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।
সোমবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের আনছার মিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাত দল ওই এলাকায় দুটি বাড়িতে হানা দেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ভুক্তভোগী পুলিশ সদস্য রিফাত বলেন, সংঘবদ্ধ ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন কক্ষে তছনছ চালায়। পরে নগদ অর্থ ও ১৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
তিনি বলেন, আলমারিতে তার ছোট বোনের বিয়ের গয়না ও জমি বিক্রির নগদ টাকা রাখা ছিল।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।
