ফোন না ধরার জেরে খুলনায় রেস্টুরেন্টে হামলা-ভাঙচুর

খুলনা নগরীর আহসান আহমেদ রোডের পিটিআই মোড়সংলগ্ন চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক। পুলিশের দাবি, ফোন করলে কল রিসিভ না করায় হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ আহত হননি।
রেস্টুরেন্টের কর্মচারীদের ভাষ্য, চার-পাঁচজন যুবক সেখানে ঢুকে চেয়ার ছুড়ে ও লাথি মেরে সামনের কাচ ভাঙচুর করেন। এ সময় রেস্টুরেন্টের আসবাবপত্রও এলোমেলো করে দেন তারা। পরে ঘটনাস্থল ত্যাগ করেন ওই যুবকরা।
রেস্টুরেন্টের এক কর্মচারী জানান, ঘটনার সময় কয়েকজন যুবক এসে চাইনিজ প্যালেসের অবস্থান জানতে চান। তাদের রেস্টুরেন্টটি দেখিয়ে দেওয়ার পরপরই তারা ভাঙচুর শুরু করেন। সামনের দিকে থাকা চেয়ার ছুড়ে মারার পাশাপাশি লাথি দিয়ে কাচ ভেঙে ফেলেন।
কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রেস্টুরেন্টের কর্মচারীরা। হামলাকারীদের পরিচয় এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তাদের কোনো বিরোধ ছিল কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
কর্মচারীরা জানান, ঘটনার পর প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। রেস্টুরেন্টের সিসি ক্যামেরার ফুটেজে চারজন যুবককে ভাঙচুর করতে দেখা গেছে। ফুটেজ দেখে তাদের বয়স আনুমানিক ২২ থেকে ২৪ বছর বলে ধারণা করা হচ্ছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে ফোন করলে কল রিসিভ করা হয় না—এ বিষয়কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কয়েকজন বখাটে যুবক এ ঘটনা ঘটিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে, খুলনা নগরীর সন্ধানী ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরপরই আরেকটি প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নগরীর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

