বাথরুমের কথা বলে হাতকড়াসহ উধাও আসামি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক মাদক কারবারিকে চার ঘণ্টা পর আবারও আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান ইয়াসিন। পরে রাত ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে পুনরায় আটক করা হয়।
অভিযুক্ত ইয়াসিন জাফতনগর এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউনুছের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাটসংলগ্ন আমির আলী সওদাগর বাড়িতে নিজের ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করেন জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে বাথরুমের করার কথা বলে হাতকড়া পরা অবস্থায় বাইরে বের হন ইয়াসিন। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।
এ বিষয়ে জানতে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র মল্লিকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তাকে খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেলেও অভিযান চালিয়ে আসামিকে আবার আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসা হচ্ছে।

