সরাইলে বিএনপির ৭১ সদস্যের একটি কমিটি স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি জোটের প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় সরাইলের শাহজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে। এর আগে শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, স্থগিতকৃত কমিটির বেশিরভাগ সদস্য বিএনপি জোটের আনুষ্ঠানিক প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের পরিবর্তে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারণায় সরাসরি যুক্ত রয়েছেন। রুমিন ফারহানা নিজে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন, কিন্তু দল ও তার জোটের আসন বণ্টনের সিদ্ধান্ত অনুযায়ী তার নিজ দল থেকে মনোনয়ন পাননি।
আনুষ্ঠানিক প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব বিএনপি জোটের প্রার্থী হিসেবে ‘খেজুরগাছ’ প্রতীকে লড়ছেন। তার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার (হাঁস প্রতীক) প্রচারণায় অংশ নেওয়ায় স্থানীয় নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, ওই কমিটির অধিকাংশ সদস্য আমাদের প্রার্থীর পক্ষে সন্তোষজনক ভূমিকা পালন করছেন না। আশা করি তারা দলীয় শৃঙ্খলায় ফিরে আসবে। তখন তাদের কমিটির কার্যক্রম ফিরিয়ে দেওয়ার বিবেচনা করা হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি জোটের পক্ষে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং বিএনপিরই আরেক বহিষ্কৃত নেতা এসএন তরুণ দে (কলার ছড়ি প্রতীক)।