নোয়াখালীর ৫ গ্রামের দুই শতাধিক মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নোয়াখালীর পাঁচ গ্রামের কাদেরিয়া তরিকার অনুসারী দুই শতাধিক মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
শুক্রবার (২০ মার্চ) জেলার তিন উপজেলার ১০টি মসজিদে ঈদের নামাজ আদায় করেন তারা।
জানা যায়, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রামে সকাল ৯টা ৪৫ মিনিটে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর ও কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়।
নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, বড় পীর আবদুল কাদির জিলানি (রহ.)-এর মতাদর্শকে কাদেরিয়া তরিকা বলা হয়। তারা কাদেরিয়া তরিকার অনুসারী। কাদেরিয়া তরিকার অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর একদিন আগে রোজা রাখেন। এ ছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।
বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কাদেরিয়া তরিকার অনুসারী মো. সিরাজ মিয়া জানান, আমাদের পূর্বপুরুষদের দেখানো পথ অনুযায়ী আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সকাল ৯টা ৪৫ মিনিটে ঈদের নামাজ আদায় করি। এর মাধ্যমে আল্লাহর কাছে একে অপরের জন্য দোয়া কামনা করি।
নোয়াখালী পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিলিয়ে নোয়াখালীর তিন উপজেলার পাঁচটি গ্রামে দুই শতাধিক মুসল্লি পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন। তাদের ঈদ উদযাপন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করেছে।