রাঙামাটিতে ধসে পড়া গাছের চাপায় যুবকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
রাঙামাটিতে ধসে পড়া গাছের চাপায় যুবকের মৃত্যু
মরা গাছের গোড়া পরিস্কার করার সময় গাছটি ঘাড়ের ওপর পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। ছবি: এশিয়া পোস্ট

রাঙামাটির বাঘাইছড়িতে ধসে পড়া গাছের গোড়ায় চাপা পড়ে লক্ষী বিলাস চাকমা নামে এক যুবকর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের লাইল্যাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কয়েক দিন ধরে হালকা বৃষ্টি হলেও সোমবার (৬ জুলাই) সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকালে লক্ষী বিলাস চাকমা একটি মরা গাছের গোড়া পরিস্কার করার সময় গাছটি তার ঘাড়ের ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। বাঘাইছড়ি থানা পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বাঘাইছড়ি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।

এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে গতকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনই সরতে নারাজ বাসিন্দারা।

রাঙামাটি আবহাওয়া পর্যাবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।