আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ও চান্দপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গচিহাটা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এ সময় সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহ, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান আরজু, মুফতি সফিউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামান রঞ্জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি হেফাজতে নেয়। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কটিয়াদীতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
