বিএনপি নেতা আটক: থানা ঘেরাও, টার্মিনাল অবরোধে বাস চলাচল বন্ধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। প্রতিবাদে নেতাকর্মীরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন। একইসঙ্গে শাসনগাছা বাস টার্মিনালে অবরোধ শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে রেজাউলকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, উচ্চ পর্যায়ের নির্দেশে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহৎ শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রযেছে। রেজাউল কাইয়ুমের বাসাও শাসনগাছা বাস টার্মিনালের পাশে।
রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনালে অবরোধ শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। তাকে আটকের পর ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
সরজমিনে দেখা গেছে, শতাধিক নেতাকর্মীরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন। তাদের মধ্যে অনেকে পরিবহন শ্রমিক। এ সময় তাদের ‘রেজাউল ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জেলের তালা ভাঙব, রেজাউল ভাইকে আনব’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে দেখা গেছে।
তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে থানার প্রধান ফটক বন্ধ করে দিয়েছে পুলিশ। থানার বাইরে বাইরে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে। তবে উত্তেজিত নেতাকর্মীদের কেউই পুলিশের কথা শুনছেন না।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার এশিয়া পোস্টকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওই বিএনপি নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে।
জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, ‘আমরা তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছি।’