logo

জব্বারের বলীখেলায় টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

জব্বারের বলীখেলায় টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসরে এবারও চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ। ফাইনালে তিনি রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা জিতেছেন। বাঘা শরীফ টানা তৃতীয়বার শিরোপা জিতেছেন।

শনিবার (২৫ এপ্রিল) ফাইনালে দুই বলীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে লড়েন দুইজন। ২৪ মিনিট ২৬ সেকেন্ডের লড়াইয়ে রাশেদকে পরাজিত করে জয়ী হন বাঘা শরীফ।

ফাইনালে লড়াই করা দুই বলী কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাসিন্দা। এর আগের দুই আসরেও চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছিলেন এই দুইজন। তার আগের আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন একই উপজেলার শাহজালাল বলী। সেই শাহজালাল বলীর শিষ্য এই দুইজন। 

রাশেদ বলী কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের নসরাইল গ্রামের বাসিন্দা। বাঘা শরীফ কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের বাসিন্দা।

এবার ১০৮ জন প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্যে ৮০ জন চূড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ণ হন। এসব প্রতিযোগীকে পেছনে ফেলে দুজন হলেন চ্যাম্পিয়ন ও রানার্সআপ।

এবারের আসরে প্রথম ধাপে ৪০ জন বলী চ্যাম্পিয়ন হন। তাদের মধ্য থেকে চারজন ও গত আসরের সেরা চারজন খেলোয়ার মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান।

বলীখেলা ও বৈশাখী মেলা কমিটির সদস্য সচিব ও আব্দুল জব্বারের নাতি শওকত আনোয়ার বাদল জানান, এবার বলীখেলায় ১০৮ জন নিবন্ধন করেছিলেম। তাদের মধ্যে ৮০ জনকে বাছাই করে প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়।

১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একইসঙ্গে বাঙালি যুবসম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব গড়ে তোলা ও শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে মনোবল বাড়ানোর উদ্দেশ্যে এই খেলার সূচনা করা হয়।