logo

বিরোধ মেটাতে গিয়ে মদের কারখানার সন্ধান, নারীসহ চীনা নাগরিক গ্রেপ্তার

বিরোধ মেটাতে গিয়ে মদের কারখানার সন্ধান, নারীসহ চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

সাভারে দুই চীনা নাগরিকের মধ্যে বিরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গোপন মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় একটি ফ্ল্যাট থেকে ২০২ লিটার দেশি মদ জব্দ করা হয়। এ ঘটনায় এক চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদুল ইসলাম।

এর আগে, সোমবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের চতুর্থতলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। এ সময় লি ডাম্পে (৫৩) নামের এক চীনা নাগরিক ও চম্পা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই ফ্ল্যাটে এক চীনা নাগরিক ও এক নারীর মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ফ্ল্যাটে প্রবেশের পর তীব্র ঝাঁজালো গন্ধ পেয়ে পুলিশের সন্দেহ হয়। পরে পুরো ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়।

এ সময় বাথরুমের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রাখা ১৩টি বালতি ও কয়েকটি বোতল থেকে প্রায় ২০২ লিটার দেশি মদ জব্দ করা হয়।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদুল ইসলাম বলেন, দুই চীনা নাগরিকের মধ্যকার বিরোধের সূত্র ধরেই গোপন মদের কারখানার সন্ধান পাওয়া যায়। এ ছাড়া গ্রেপ্তার হওয়া চীনা নাগরিকের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।