Advertisement

সনাতন ধর্মাবলম্বীরাও সমান সুযোগ পাবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
সনাতন ধর্মাবলম্বীরাও সমান সুযোগ পাবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: এশিয়া পোস্ট

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশে একজন মুসলমান সরকারের কাছ থেকে যে সুযোগ-সুবিধা পাবেন, ঠিক একই সুযোগ-সুবিধা সনাতন ধর্মাবলম্বীরাও পাবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দিরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার অসাম্প্রদায়িক সরকার। আমরা সব ধর্মকে সম্মান করি, সব ধর্মের মানুষকে ধারণ করি। ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—এই স্লোগানকে সামনে রেখে সরকার আগামীতে এগিয়ে যাবে।

এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চানপাড়া মন্দির থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী—আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি (ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি) যান জগন্নাথ দেব। সেখানে সাতদিন অবস্থানের পর তিনি আবার মূল মন্দিরে ফিরে আসেন। একেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলা হয়। পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়াকে ‘সোজা রথ’ এবং সেখান থেকে ফিরে আসাকে ‘উল্টো রথ’ বলা হয়। যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বীরা পরম ভক্তিতে এই রথযাত্রা উৎসব পালন করে আসছেন।

বিষয় :পঞ্চগড়