পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে ‘নিউ গ্রিন লাইন এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া অংশে পদ্মা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
গুরুতর আহতরা হলেন—মাগুরা সদরের সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে বাসটির অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।



