Advertisement

পাবনায় এক মাসে উদ্ধার ৫৪ হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
পাবনায় এক মাসে উদ্ধার ৫৪ হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর
ছবি : এশিয়া পোস্ট

পাবনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের বিশেষ অভিযানে গত এক মাসে হারিয়ে যাওয়া ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৬ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল বিশেষ অভিযান পরিচালনা করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া এসব ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে সাধারণ ডায়েরি (জিডি), আইএমইআই নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে ৫৪টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে শুধু সাইবার অপরাধ দমনই নয়, নাগরিকদের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারসহ যেকোনো সহায়তায় পাবনা জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় ফোন চুরি বা হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করা এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নাগরিকদের অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, হারিয়ে যাওয়া ফোন ফিরে পাওয়ার আশা তারা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পাবনা জেলা পুলিশের এ উদ্যোগ এবং অক্ষত অবস্থায় প্রিয় ফোনটি ফেরত পাওয়ায় তারা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয় :পাবনা