ঘরে পড়ে ছিল দম্পতির মরদেহ, সন্দেহের তির ছেলের দিকে

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করা হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাহাড়পুর গ্রামের লোকমান মণ্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে ওই দম্পতি তাদের ঘরে ঘুমাতে যান। ভোর ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তারা ঘরে ঢুকে খাটের ওপর লোকমান ও দেলোয়ারার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
এদিকে ঘটনার পর থেকেই ছেলের আচরণের দিকে আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীদের দাবি, ছেলে মুক্তার হোসেন মাদক এবং মোবাইলে জুয়ায় আসক্ত। নেশা ও জুয়ার টাকার জন্য প্রায়ই তিনি বাবা-মায়ের সঙ্গে ঝামেলা করতেন। টাকা দিতে অস্বীকার করায় রাতে কোনো এক সময় খাবারের সঙ্গে বিষাক্ত কিছু খাইয়ে তিনি বাবা-মাকে হত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা বিষাক্ত কিছু সেবনের কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা নাকি অন্যকিছু, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং তদন্ত শেষেই নিশ্চিতভাবে বলা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





