চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, সম্ভ্রম বাঁচাতে বাস থেকে লাফ

সাভারের আশুলিয়ায় রাতে চলন্ত বাসে এক নারী পোশাক শ্রমিককে (২৭) ধর্ষণচেষ্টার অভিযোগে এক বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন ওই নারী।
রোববার (১৯ জুলাই) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
এর আগে, ভোরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিকদার ওরফে রাজু (৩৭) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার হরিণহাটি গ্রামের আলম সিকদারের ছেলে এবং বর্তমানে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থেকে বাস চালাতেন।
পুলিশের তথ্যমতে, রাজুর বিরুদ্ধে এর আগেও মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একাধিক মামলা রয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই রাতে ভুক্তভোগী ওই নারী দিনাজপুর থেকে এসে চন্দ্রা চৌরাস্তা থেকে আশুলিয়াগামী ‘ইতিহাস পরিবহন’ নামের একটি লোকাল বাসে ওঠেন। রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর বাসস্ট্যান্ডে অন্য সব যাত্রী নেমে গেলে বাসটি ফাঁকা হয়ে যায়। এই সুযোগে চালক ও হেলপার বাসটি না থামিয়ে দ্রুতগতিতে চালাতে থাকে। একপর্যায়ে একটি নির্জন স্থানে চলন্ত বাসের ভেতর ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। তখন সম্ভ্রম ও জীবন বাঁচাতে তিনি চলন্ত বাস থেকে রাস্তায় লাফিয়ে পড়েন। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরবর্তীতে অন্য একটি বাসের সহযোগিতায় তিনি আশুলিয়া থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগী নারীর অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে। তবে আসামি শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে। দীর্ঘ এক সপ্তাহের গোয়েন্দা নজরদারি ও প্রচেষ্টায় অবশেষে সাভারের রাজফুলবাড়িয়া থেকে মূল অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা রুজু করে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক হেলপারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
.png)






