logo
Advertisement

আ.লীগ ভারতকে সর্বোচ্চ সুবিধা দিয়েছে কিন্তু সীমান্তে হত্যা বন্ধ করতে পারেনি: স্পিকার

আ.লীগ ভারতকে সর্বোচ্চ সুবিধা দিয়েছে কিন্তু সীমান্তে হত্যা বন্ধ করতে পারেনি: স্পিকার
ভোলার তজুমদ্দিনে বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য দেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ এ দেশের সর্বনাশ করে গেছে। তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়েছে কিন্তু সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে পারেনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের রিজার্ভ চুরি করে ফিলিপাইনে নিয়ে গেছে। আওয়ামী মাফিয়া গোষ্ঠী আয়না ঘর নামে টর্চার সেল বানিয়ে নিরীহ মানুষদেরকে নির্যাতন করেছে। আয়না ঘর নামে যে কোনো টর্চার সেল ছিল, এটা এ দেশের মানুষ কখনোই জানতো না। জামায়াতের এমপি আহমদ বিন কাশেমকে ৮ বছর ধরে আটকে রেখে নির্যাতন করেছে। বিনা অপরাধে সালাউদ্দিন কাদেরসহ অসংখ্য মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। এজন্য ২০২৪ সালে একটি অভ্যুত্থান হয়েছে। আল্লাহর গজব তাদের ওপর নেমে এসেছে।

তিনি বলেন, এতকিছুর পরও তাদের মধ্যে এতটুকু অনুশোচনা নাই। এদেরকে শাস্তি দেবে আমাদের সরকার। ২০০৬ সালে এ দেশে কোনো মাদক ছিলো না, এসব আওয়ামী লীগ সৃষ্টি করেছে। তারা নিজেরা মাদক খায়, আবার তারাই বিক্রি করে।

এসময় স্পিকার জনগণকে রাস্তা-ঘাটসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তর করার আশ্বাস দেন। তিনি বলেন, লালমোহন থেকে প্রথম আমিই সেনাবাহিনীতে যোগদান করেছি। মেজর জিয়াউর রহমান ছিলেন আমার প্রশিক্ষক। আমি কখনোই ধন-সম্পদ অর্জনের চেষ্টা করিনি। এখনতো অনেক এমপিরা হাজার হাজার কোটি টাকা বানায়। জনগণের উদ্দেশে স্পিকার আরও বলেন, বাংলাদেশের সুনাম যেন অক্ষুণ্ন থাকে সেদিকে সচেষ্ট থাকবেন।

অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা মহিলা দল সভাপতি ফরিদা ইয়াছমিন, বিএনপি নেতা জাকির হোসেন হাং, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।