logo

বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে এশিয়া পোস্ট এগিয়ে যাবে: ময়মনসিংহ সিটি প্রশাসক

বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে এশিয়া পোস্ট  এগিয়ে যাবে: ময়মনসিংহ সিটি প্রশাসক
ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. রুকুনোজ্জামান রোকন বলেছেন, বর্তমান সময়ে অনেকেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে না। অনেকেই মনগড়া সংবাদ পরিবেশন করে। ভালো কাজকে উৎসাহ না দিয়ে, মনগড়া সংবাদ করে বিভ্রান্তি সৃষ্টি করতে চেষ্টা করে। তবে প্রত্যাশা করছি, এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেই এগিয়ে যাবে।

সোমবার (১১ মে) সকালে অনলাইন গণমাধ্যমের ‘এশিয়া পোস্ট’ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. রুকুনোজ্জামান রোকন বলেন, আমি সিটি করপোরেশনের উন্নয়নে, নগরবাসীকে ভালো রাখতে রাত-দিন কাজ করছি। কাজ শেষে রাত দুইটার দিকেও বাসায় যেতে হয়। নগরবাসীর জন্য এত পরিশ্রম করছি, অথচ এক ধরনের নামধারী সাংবাদিক বিতর্ক সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে। এসব করে লাভ নেই। কারণ, আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। আগে সামান্য বৃষ্টিতে যেসব এলাকায় অনেক পানি জমে থাকতো, এখন সেসব এলাকায় পানি জমছে না। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ চলমান আছে। অন্যান্য কাজও দ্রুতগতিতে চলছে। নগরীর উন্নয়নে আমাকে সময় দিতে হবে।

নতুন গণমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে তিনি বলেন, এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমেই পাঠক মহলে জায়গা করে নেবে। আমি চাই, ময়মনসিংহের সব সমস্যা-সম্ভাবনা এশিয়া পোস্টে তুলে ধরা হোক। এশিয়া পোস্টের মাধ্যমেই ময়মনসিংহের চিত্র উঠে আসুক। অনেক নামধারী সাংবাদিক আছে, সংবাদ যথাযথভাবে লিখতে পারে না। সাংবাদিকদের উচিত তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনা।

এশিয়া পোস্টের ময়মনসিংহ ব্যুরো চিফ কামরুজ্জামান মিন্টুর বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কেক কেটে অনুষ্ঠানের শুভসূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।

ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও প্রবীণ সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তার

সভাপতিত্বে ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ কে এম মাহবুবুল আলম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলী, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন, সহসভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাংবাদিক নিয়ামুল কবির সজল, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ ও নারী ফোরামের আহ্বায়ক সৈয়দা সেলিমা আজাদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা এশিয়া পোস্টের সফলতা কামনা করেন। একইসঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমটি দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় ময়মনসিংহ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি তানভীর আহমেদ টুটুল, ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি গকুল সূত্রধর মানিক, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিপন গোয়ালা অভি, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ তানসেনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।