logo
Advertisement

নড়াইলে বাড়ির সামনে থেকে শিক্ষিকার গলার চেইন ছিনতাই

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নড়াইল
নড়াইলে বাড়ির সামনে থেকে শিক্ষিকার গলার চেইন ছিনতাই
শিক্ষিকার সঙ্গে ধস্তাধস্তি করছেন এক যুবক। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দৃশ্যটি তার বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ঘটনা জানিয়ে ভুক্তভোগী শিক্ষক কৃষ্ণা রানী চৌধুরী শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Advertisement

অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষ্ণা রানী চৌধুরী লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার শিক্ষক সঞ্জিত কুমার দের সহধর্মিণী। তিনি ৩৮ নম্বর এলএল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার বিদ্যালয়ের ছুটি শেষে ভ্যানযোগে বাড়ি ফেরেন কৃষ্ণা রানী। বাড়িতে প্রবেশের সময় পেছন থেকে এক ব্যক্তি এসে তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রথমবার ব্যর্থ হলেও পরে জোর করে চেইনটি ছিঁড়ে নিয়ে যান ছিনতাইকারী। একই সময় তার হাতে থাকা ছোট পার্টস ব্যাগটিও ছিনিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে নগদ আট হাজার টাকা ছিল।

কৃষ্ণা রানী চৌধুরী জানান, ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটির ওজন এক ভরি দুই আনা। আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কৃষ্ণা রানী বাড়িতে প্রবেশের সময় এক ব্যক্তি পেছন থেকে তার কাছে আসেন। এরপর তিনি শিক্ষিকার গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে চেইনটি ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুটা দূরে আরেক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। মোটরসাইকেলে করে তারা পালিয়ে যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজও যাচাই করা হচ্ছে। ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা সম্ভব হলে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।